স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের উদ্যোগ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজনেস ক্লাব (এসইউবিবিসি)-এর আয়োজনে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অতিরিক্ত রেজিস্ট্রারসহ বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
কার্নিভালের প্রথম দিনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন ‘বিজ-ব্রিলিয়াল ২০২৬ (সিজন–১)’। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আইবিএ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটিসহ বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এম. আনোয়ারুল ইসলাম বলেন, ক্লাসরুমের বাইরে বাস্তব ব্যবসায়িক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় ইনডোর ও আউটডোর স্পোর্টস ডে। ফুটবল, ক্রিকেট ও বিভিন্ন ইনডোর খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ ছাড়াও সমাপনী দিনে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া