নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে এ ফাইনাল পর্বের আয়োজন করা হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করা এবং দলগত কাজের মানসিকতা জোরদার করা।
ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য বেনজীর আহমেদ এবং সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য মোহাম্মদ শাহজাহান। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছমিন কামাল, রেহানা রহমান ও ফওজিয়া নাজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যকার একটি প্রীতি ম্যাচ। ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
অনুষ্ঠানে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘এই টুর্নামেন্ট এনএসইউ কমিউনিটির মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সবাইকে সক্রিয় ও সুস্থ থাকতে উৎসাহিত করার একটি প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার স্থান নয়; এটি এমন একটি পরিসর যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও অফিসের বাইরে যোগাযোগের সুযোগ তৈরি করে এবং সবার জন্য আরও ঐক্যবদ্ধ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘খেলাধুলায় অংশগ্রহণ মানসিক চাপ কমাতে সাহায্য করে, শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায় এবং সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও মজবুত করে। এ ধরনের উদ্যোগ প্রাণবন্ত ও গতিশীল ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পুরো সপ্তাহজুড়ে খেলোয়াড়রা দক্ষতা, দৃঢ়তা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।
স্টুডেন্টস পুরুষ বিভাগে টিম সিএসসি প্রোর মোহাম্মদ আজোয়াদ ইসলাম ও তানভির হাসান প্রিন্স চ্যাম্পিয়ন হন। এ বিভাগে রানারআপ হয় টিম বিবিটি স্ম্যাশার্সের মাহমুদ হাসান ও মোহাম্মদ আসাদুল্লাহ আল নাহিয়ান। স্টুডেন্টস নারী বিভাগে টিম বিবিএ বাবল ট্রাবলের আর্কীক সানা তারিক ও রাইসা মুজিব চ্যাম্পিয়ন হন। রানারআপ হয় টিম ফার্মা এলিক্সির টু এর রুবাইয়া রশীদ পিথি ও উম্মে তানাসসুম।
ফ্যাকাল্টি ও অফিসার পুরুষ বিভাগে টিম স্ম্যাশ মাস্টারের মোহাম্মদ আক্তারুজ্জামান ও মোহাম্মদ তাকবির আলম চ্যাম্পিয়ন হন। এই বিভাগে রানারআপ হয় টিম একেএইচএনের অধ্যাপক বুলবুল সিদ্দিকী ও আকরাম হোসাইন। ফ্যাকাল্টি ও অফিসার নারী বিভাগে টিম শাটল হাসলের অধ্যাপক নাজলী সিদ্দিকী ও হুমাইরা হক চ্যাম্পিয়ন হন। রানারআপ হয় টিম ফ্যালকন কুইনের সাইমুন নাহার সুপ্তা ও সারিনা সুলতানা।
ক্লাব এক্সিকিউটিভ বিভাগে টিম এনএসইউ এসসির মোহাম্মদ সায়েদুল করিম সিকদার ও সীমান্ত মজুমদার চ্যাম্পিয়ন হন। এ বিভাগে রানারআপ হয় টিম এনএসইউ এমবিএসির হাসিবুল হক ও মানস বনিক।
বিডি-প্রতিদিন/তানিয়া