সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক বর্ণাঢ্য নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা সহজ, সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠানটি দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। উভয় সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
উদ্বোধনী সেশনে আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি এবং ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বিজনেস স্টাডিজ স্কুল (এসবিএস), আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস স্কুল (এসএএসএস) এবং স্কুল অব ল (এসএল)-এর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও অবস্থানকে আন্তরিকভাবে গ্রহণ করে নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, জীবনের কোনো পর্যায়েই ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন থামিয়ে রাখা উচিত নয়; বরং সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হবে, যাতে কোনো সম্ভাবনাই হাতছাড়া না হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অব.)। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ, শিক্ষা ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত, সমৃদ্ধ ও স্মরণীয় বিশ্ববিদ্যালয় জীবনের শুভ সূচনা হিসেবে বিবেচিত হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ