জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের পাঁচ ইউনিটে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম, যা চলবে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিট ‘এ, বি, সি, ডি ও ই’-এর প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
এছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র জমাদানের স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/বাজিত