ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫০ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম তারেক সুলতান। কমিটির অন্যান্য সদস্যরাও দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে দায়িত্ব পালন করছেন।
চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত। এস এম তারেক সুলতান গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনটি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন এবং বিভাগকে বৃহত্তর পরিসরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করার উদ্যোগ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ