পবিত্র ঈদুল ফিতরের ছুটি হয়নি এখনো। এই অবস্থায় গত ২ মার্চ বাড়িতে গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) দুটি ব্যাচের শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ‘অভিভাবকদের অবগতির’ জন্য জরুরি নোটিশ জারি করেছে মেডিকেল কর্তৃপক্ষ।
এ ছাড়া অনুপস্থিতির জন্য দিনপ্রতি ৫০০ টাকা করে জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম কলেজের ওয়েব সাইটে এই নোটিশ জারি করেছেন। এতে জরিমানার টাকা কোষাধ্যক্ষের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ও ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) সকল শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লিখিত ব্যাচের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে গত ২ মার্চ থেকে অননুমোদিতভাবে ক্লাসে অনুপস্থিত রয়েছে, ফলে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এতে বলা হয়, এ অবস্থায় ৪ মার্চ অনুষ্ঠিত কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে জরুরি ভিত্তিতে ক্লাসে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০০ টাকা হারে জরিমানা নির্ধারণ করা হলো। নোটিশে জরিমানার অর্থ কোষাধ্যক্ষের নিকট জমা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় এ অর্থ বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরণের সময় সংযোজিত হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অননুমোদিতভাবে চলে যাওয়ায় অ্যাকাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এজন্য আমরা এ নোটিশ দিয়েছি।
বিডি প্রতিদিন/কেএইচটি