কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষকরা আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় শিক্ষকরা বলেন, একজন শিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি পরিবার বা একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি সমগ্র শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও মর্যাদার ওপর আঘাত।
তারা আরও বলেন, শিক্ষক সমাজের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত শিক্ষকের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার গলায় ছুরি চালান ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে তিনি নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ