আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের উপযাপনের কেন্দ্রে রেখে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস, ক্লথস “আর” লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্য চিন ঠে ডলি, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টসের বিচারক অধ্যাপক সায়মা ফিরোজ এবং আইচি হেলথকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাশনা ইমাম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. পারভীন আক্তার জেমি এবং স্কুল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টসের ডিন সৈয়দা আফরোজা জেরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর বক্তব্যে নারীদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে কাজী নজরুল ইসলাম-এর ‘নারী’ কবিতার সমবেত আবৃত্তি পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক শোভন চক্রবর্তী, মো. আবদুল হাকিম, মো. অমিত হাসান সোহাগ ও সাইফুল্লাহ মনসুর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “নারীর জন্য নিরাপদ দেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. ইশরাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মো. তারেক আজিজ। আলোচনায় বক্তারা নারীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপায় নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য সম্মানিত অতিথিদের হাতে স্মারক তুলে দেন। সঞ্চালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল