গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর বগুড়া সমিতির কৃষিবিদ ও শিক্ষার্থীরা।
সোমবার বিকালে ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। তিনি ও অন্যান্য অতিথিরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শিশুদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেলাল, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।
ইফতার মাহফিলের আগে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল