নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ, ২০২৬) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দেন নর্দান বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ। তিনি বলেন, উপাচার্যের নেতৃত্বে, সকল শিক্ষক ও কর্মকর্তার সম্মিলিত প্রচেষ্টায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান রমজানের ভ্রাতৃত্ববোধের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নর্দান ইউনিভার্সিটি এগিয়ে যাবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোসাম্মৎ হাবিবুন নাহার, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।