বিশিষ্ট চলচ্চিত্রকার হায়দার রিজভী ও জাহিদুর রহিম অঞ্জনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ আয়োজন করে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ।
স্মরণসভার শুরুতে হায়দার রিজভী পরিচালিত চলচ্চিত্র ‘প্রুশিয়ান অফিসার’ এবং জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মর্নিং’ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন। তিনি উপস্থাপনায় রিজভী ও অঞ্জনের চলচ্চিত্রে আধুনিকতার বিকাশ, নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং সমকালীন চলচ্চিত্র চর্চায় তাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিশিষ্ট শিল্পসমালোচক ও শিক্ষক মঈনুদ্দিন খালেদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীও বক্তব্য রাখেন। তারা প্রয়াত দুই চলচ্চিত্রকারের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অবদান এবং তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি, শিল্পভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
স্মরণসভা শেষে প্রয়াত দুই চলচ্চিত্রকারের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই