বাংলাদেশে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী অনিক কুমার সাহা।
এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর।
জানা গেছে, গোপালগঞ্জ জেলায় রোভার নিবন্ধন চালু হওয়ার পর এই প্রথম কোনো রোভার স্কাউট এ পুরস্কার অর্জন করলেন। চলতি বছরে সারা দেশ থেকে পাঁচজন রোভার স্কাউট এ সম্মাননা পেয়েছেন, তাদের মধ্যে অনিক কুমার সাহা অন্যতম।
অনিক কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘ সময়ের বিভিন্ন ধাপ ও কার্যক্রম সম্পন্ন করে তিনি এ অর্জন লাভ করেন। প্রায় চার বছরের বেশি সময় ধরে ধারাবাহিক পরিশ্রম, প্রশিক্ষণ ও মূল্যায়নের মধ্য দিয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি অনিক কুমার সাহা সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
ফার্মেসি বিভাগে তার স্নাতক পর্যায়ের ফলাফল ৪-এর মধ্যে ৩ দশমিক ৬৯। একই ব্যাচে তার অবস্থান তৃতীয়। পাশাপাশি তার গবেষণা থেকে ইতোমধ্যে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অনিক কুমার সাহা।
বিডি প্রতিদিন/হিমেল