বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ এবং বেলুন উড্ডয়নের আয়োজন করা হয়। সাড়ে ৮টায় শহিদ আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন শুরু হয়।
পরে উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজনের অন্যতম অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এ সময় রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে ফরিদপুর কবরস্থানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হকের কবরে এবং গোর-এ-শহিদ ময়দানে হাজী মোহাম্মদ দানেশের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় মজার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এমই