বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত এক পরীক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে বহিষ্কারের পর তিনি বিশ্ববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেন। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৯৯৮৬০। বহিষ্কৃত পরীক্ষার্থীর মারধরে আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন, উজ্জ্বল এবং আরও একজন স্টাফ।
আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, বহিষ্কারের পর ওই পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর শুরু করে। তাকে বাধা দিতে গেলে তিনি হামলার শিকার হন। এতে তার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে তিনি চারজন স্টাফকে মারধর করেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, বহিষ্কারের পর কন্ট্রোল রুমে নেওয়ার সময় ওই পরীক্ষার্থী সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে। এর মধ্যে কয়েকজন মেডিকেলে ভর্তি রয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল