উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংক অ্যাকাডেমিয়ার যৌথ উদ্যোগে ‘ফাইন্যানশিয়াল ও ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম-২০২৬ (সিজন ১)’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ আয়োজন করা হয়। স্কুল অফ বিজনেস-এর উদ্যোগে এবং ইউ ইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা। যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
সেমিনারে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসির তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা হলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিংয়ের হেড এম. এনায়েম এ. চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিংয়ের হেড শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যানশিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের হেড এম. এম. মাহবুব হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ড. ইশরাত হোসেন। তিনি শিক্ষার্থীদের জন্য আর্থিক ও ক্যারিয়ার সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
কী-নোট বক্তব্যে প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. এনায়েম এ. চৌধুরী ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি ভবিষ্যতের চাকরির বাজারে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণদের ক্ষমতায়নের ওপরও জোর দেন তিনি।
প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন তার পেশাগত অভিজ্ঞতা থেকে কথা বলেন। বিশেষ করে নারীদের ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য ও কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অন্যদিকে, একই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি ও স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এছাড়া সেমিনারে একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ১০টির বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। এছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোয়েব মো. শোয়েব নোমানসহ অন্যান্য সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমাপ্তি বক্তব্য প্রদান করেন ড. ইশরাত হোসেন।
বিডি-প্রতিদিন/এমই