শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইয়্যুথ এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্ট ফর স্টুডেন্টস’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল)’।
আজ শনিবার (১১ এপ্রিল) শাবিপ্রবি শাখা ইউটিএল এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে, শাবিপ্রবি ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘ইয়্যুথ এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্ট ফর স্টুডেন্টস’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচির সূচি ও মূল ব্যানারে উপাচার্য, উপ-উপাচার্যের নাম উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ‘ট্রেজারার’ মহোদয়ের নাম উল্লেখ করা হয়নি, যা ইউটিএল-এর দৃষ্টিগোচর হয়েছে।
ইউটিএল নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত প্রটোকল অনুযায়ী উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার-এই তিনটি পদ প্রাতিষ্ঠানিক মর্যাদার অবিচ্ছেদ্য অংশ। যেকোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র বা কর্মসূচিতে এই প্রটোকল অনুসরণ না করা কেবল শিষ্টাচারের ব্যত্যয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন প্রশাসনিক কাঠামোর অবমাননার শামিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও একই ধরনের প্রটোকল লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের ভুলের পুনরাবৃত্তিকে একটি বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করে সংগঠনটি। এটি সংশ্লিষ্ট আয়োজক ও মহলের চরম সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে যথাযথ প্রটোকল নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক গরিমা অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার জোর আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘এটা আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। তারাই (এসএমই ফাউন্ডেশন) এটা আমাদের ক্যাম্পাসে এভাবে করেছে এতটুকুই আমি জানি। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করেছি। এখানে আমাদের কোনো হাত ছিল না।’
বিডি প্রতিদিন/হিমেল