ঢাকার কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ এ আদেশ দেন। এর আগে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত এহসানুর হক মাহিমকে আদালতে হাজির করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক দুই এলাকায়।
অভিযোগে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে অভিযুক্ত মাহিম আড্ডা ও মাদকসেবন করতেন। এ বিষয়ে নিষেধ করা হলে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেন।
ঘটনার দিন রাইসুল ইসলামের বাবা নজরুল ইসলাম তাকে আড্ডা দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাহিম তাকে মারধর করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রাইসুল ইসলাম জানান, হামলার সময় তাঁর বাবার পকেটে থাকা প্রায় ছয় হাজার টাকা কৌশলে নিয়ে যায় অভিযুক্ত।
তিনি আরও বলেন, ঘটনার পরদিন থানায় গেলে প্রথমে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়। পরে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে মামলা হিসেবে গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক