আবাসিক হলে নারী অবস্থান নিয়ে ছাত্রকে হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদের এজিএসসহ তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে। হলের ভিপিকেও শোকজ করা হয়েছে।
রবিবার শহিদ জিয়াউর রহমান হলের প্রধ্যক্ষ পরিষদ এ সিদ্ধান্ত নেয়।
প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান বলেন, আবাসিক ছাত্রের বিরুদ্ধে হল সংসদের কিছু নেতৃবৃন্দ যে অভিযোগ এনেছিল সেটার সত্যতা পাওয়া যায়নি। ওই আবাসিক ছাত্র তাদের বিরুদ্ধে হয়রানি ও সম্মানহানির অভিযোগ তোলে। ফলে হল প্রশাসন অভিযুক্তদের আবাসিকতা বাতিলসহ তদন্ত কমিটি গঠন করেছে। হল সংসদের ভিপিকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
আবাসিকতা বাতিলকৃত ছাত্ররা হলেন- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও হল সংসদের এজিএস মো. ইসরাফীল, আরবী বিভাগের শিক্ষার্থী ও হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাকিব জুবায়ের, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফোরকান হাফিজ জীম।
এর আগে, গত শনিবার ভোর ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান করছে’ সন্দেহে হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে এই তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো মেয়ে না পেয়ে চলে যায়। বিষয়টি গতকাল শনিবার সন্ধ্যায় প্রাধ্যক্ষের কক্ষে সভা ডাকা হয়। সেখানে হল সংসদের নেতাদের ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় এজিএসসহ কয়েকজন অনুপস্থিত থাকায় সভা স্থগিত করা হয়। এরপর রাতভর হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। শেষে ভোর ৫টায় মিটিং শেষে তিনজনের আবাসিকতা বাতিল করে হল প্রশাসন। হল সংসদের অভিযুক্তরা সবাই শিবির প্যানেলের নির্বাচিত হল সংসদ প্রতিনিধি।
বিডি-প্রতিদিন/মাইনুল