ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ইমপ্যাক্ট ঢাকা ২০২৬-এ অংশ নিয়ে ‘ড্রিমস অব এক্স’ দল দ্বিতীয় রানার-আপ হয়েছে। ‘এআই ফর আরবান ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতাটি ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক এআই হ্যাকাথন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নেন।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর ইসিই ভবনে। এতে ৬৫টিরও বেশি দল এবং ২০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
‘ড্রিমস অব এক্স’ দলের নেতৃত্ব দেন মাহদিন ইসলাম মুকিম। তিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার ক্লাব (এনইউবিসিসি)-এর ভাইস প্রেসিডেন্ট। দলের অন্য সদস্যরা ছিলেন মো. হাবিবুল্লাহ শরিফ, অ্যাসিস্ট্যান্ট রোবোটিক্স সেক্রেটারি, এনইউবিসিসি এবং ইউসুফ আবদুল্লাহ, রোবোটিক্স সেক্রেটারি, এনইউবিসিসি।
হ্যাকাথনে অংশগ্রহণকারীরা ঢাকার বাস্তব নগর সমস্যাকে কেন্দ্র করে এআই-নির্ভর সমাধান ও প্রোটোটাইপ তৈরি করেন। ‘ড্রিমস অব এক্স’ দল তাদের উদ্ভাবনী ধারণা, কার্যকর উপস্থাপনা এবং বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে।
প্রতিযোগিতার শীর্ষ তিনটি দলকে জাপানের প্রযুক্তি স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হবে। এই সুযোগের মধ্যে সুশি টেক টোকিও ২০২৬-এর মতো প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত রয়েছে।
এ অর্জনের বিষয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন শিক্ষক বলেন, এই সাফল্যের মাধ্যমে ‘ড্রিমস অব এক্স’ দল শুধু নিজেদের বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের সক্ষমতাও তুলে ধরেছে। এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।