‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বৈশাখের চিরায়ত রঙ, উৎসবের আমেজ ও বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস।
মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। লাল-সাদা পোশাক, রঙিন মুখোশ ও গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গে সাজানো শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সকাল ১১টায় উপাচার্য বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় পান্তা-ইলিশ, খিচুড়ি, মুড়ি-মুড়কি, চটপটি, শরবত, আচার, ফুল ও মেহেদি স্টলসহ গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।
পরে সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এম.এস