কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার ১৪ এপ্রিল দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মো হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে অনুষ্ঠিত বর্ষবরণ মেলায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড মো আবদুল হাকিম, রেজিস্ট্রার ড মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড নাহিদা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।
এরপর ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
পরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা পরিবেশন করে। এছাড়াও নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে বসানো হয় পিঠাপুলির স্টল। সেখানে বাংলার ঐতিহ্যবাহী পিঠা পাটিসাপটা, চিতই, দুধচিটা, মালপোয়া পরিবেশন করা হয়।
ভাইস চ্যান্সেলর ড মো হায়দার আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ উৎসব উপভোগ করে। স্বল্প সময়ে এমন সফল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি অর্গানিক খাবারের স্টল একটি ইতিবাচক উদ্যোগ, যা উৎসবকে আরও বর্ণিল করেছে।
বিডি প্রতিদিন/আশিক