বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের ১১ বছরের অগ্রগতি ও অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ‘নলেজ, উইজডম অ্যান্ড টেকনোলজি’ মটো নিয়ে কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে বাইউস্ট। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের সমর্থন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি আজ ১১ বছর পূর্তি উদ্যাপন করছে।
তিনি আরও বলেন, শিগগিরই বাইউস্ট দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশমব ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের এক সহযোগী অধ্যাপক।
বিডি-প্রতিদিন/এআইএস