গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালার মাধ্যমে একটি যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যার লক্ষ্য উন্নত অটোমেশন প্রযুক্তির সঙ্গে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষিকে সমন্বয় করে ফসলের ব্রিডিং বা প্রজনন চক্রকে ত্বরান্বিত করা এবং বছরব্যাপী টেকসই ফসল উৎপাদন নিশ্চিত করা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি পার্টনার ছিলেন সিনকস গ্রুপের পরিচালনা ব্যবস্থাপক নাসিক আক্কাস।
কর্মশালায় দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি, ব্রি, বিনা, লাল তীর, সুপ্রীম সীড, এসিআই সীড, ইস্ট-ওয়েস্ট সীড, প্যারামাউন্ট অ্যাগ্রো এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান, যেখানে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়। প্রবন্ধ উপস্থাপনার পর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং গাকৃবির গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/জেডএ