ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুরকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়ার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে জানা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান আসামি ফজলুকে গ্রেফতার দেখানোর পরপরেই ৭ দিনের জন্য সময় চাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইদিন জিজ্ঞাসাবাদের পরে আসল ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় ৫ মার্চ ইবি থানায় বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরে পুলিশ অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেফতার করে। বাকি তিন আসামি এখনো পলাতক।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/এমই