বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে জকসু'র জিএস ও বর্তমান কমিটির সেক্রেটারি আব্দুল আলিম আরিফকে সভাপতি এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার রাতে 'ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়' নামে এক ফেসবুক পেইজে এ নতুন কমিটির বিষয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ এপ্রিল শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক তিন সভাপতি এডভোকেট ফয়সাল আমিন, ইকবাল হোসেন ও আসাদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত