খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির একটি কক্ষে থাকতেন উৎস। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ