ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক, উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিসর যত বৃদ্ধি পাচ্ছে, মেধাস্বত্বের গুরুত্ব ততই বৃদ্ধি পাচ্ছে।’
বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে বুধবার (৬ মে) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
উপাচার্য আরও বলেন, ‘বর্তমান বিশ্বে উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। কিন্তু এসব উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত না করা গেলে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। তাই একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করার জন্য মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা খুবই জরুরি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় ডুয়েটের সব অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকরা ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
সভার পর র্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
বিডি-প্রতিদিন/এমই