নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হলো আইন বিভাগের এক বর্ণাঢ্য অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
শনিবার ( ৯ মে) এনইউবির আইন বিভাগ আয়োজিত “From Aspiration to Advocacy: A Felicitation and Farewell Ceremony” শীর্ষক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান এবং আইন বিভাগের ৫৯তম ব্যাচকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফয়েজ-উদ-দীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবীন আইনজীবীদের সাফল্য এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। ২০২৫ সালের বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা জানানো হয়।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। নবীন আইনজীবীরাও তাদের সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে আইন পেশায় নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা ক্রেস্ট প্রদান। অতিথিরা নবীন আইনজীবী ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
সমাপনী বক্তব্যে আইন অনুষদের ডিন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।