বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) আইন বিভাগ ও বাইউস্ট ল ক্লাবের যৌথ উদ্যোগে সম্পন্ন হলো ১ম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ।
রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মিলনায়তনে বসে আদালত। সেখানে শিক্ষার্থীরা আসামি ও আইনজীবীর ভূমিকা গ্রহণ করেন। বিচারকের আসেন ছিলেন আইনবিদরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাইউস্ট লেকের পাশে মিলনায়তন। সেখানে বসেছে গুরুগম্ভীর আদালত। চলছে শিক্ষার্থীদের আইনের মারপ্যাচ। প্রথম দেখায় এটা শিক্ষার্থীদের জন্য সাজানো আদালত মনে হবে না। আইনজীবী তার গ্রাউন পরে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, প্রতিপক্ষ তার আপত্তি তুলে ধরছেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের মিলনায়তন আজ আদাøলতে রূপ নিয়েছে। বিচারকের আসনে ছিলেন বিজ্ঞ আইনবিদরা। আমাদের উপস্থাপনের মাধ্যমে যে ক্রুটি পেয়েছেন তারা তা সংশোধন করে দিয়েছেন। এতে আমাদের জড়তা কেটেছে, আত্মবিশ্বাস বেড়েছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক (অব.)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.) এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম। সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দার।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মক ট্রায়ালের মাধ্যমে আদালতের পরিবেশে যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আইনের প্রয়োগ, কোর্টরুম এটিকেট, কৌশলগত চিন্তাভাবনা ও সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা এবং ভবিষ্যৎ বিচারিক পরিবেশে কাজ করার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।"
সঞ্চালনা করেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং প্রভাষক সাইমুর রহমান সুনীত।
উল্লেখ্য প্রতিযোগিতায় আইন বিভাগের ১০টি দল থেকে ৭৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে অভিজ্ঞতা লাভ করেন।
বিডি-প্রতিদিন/এআইডি