ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। গত ১৪ মে (বৃহস্পতিবার) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি যোগদান করেছেন। তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ডুয়েটে যোগদানের আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট-এর উপাচার্য ছিলেন। দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং রিসার্চ স্কলার ছিলেন।
তিনি ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বুয়েট থেকে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও এনভায়রনমেন্টসংক্রান্ত বিষয়ে গবেষণায় সমৃদ্ধ। তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনালের ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।
তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বুয়েটের সাবেক উপাচার্য। স্ত্রী অধ্যাপক ড. সালমা আখতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যার জনক।
বিডিপ্রতিদিন/কেকে