জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত যুবক কর্তৃক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১০০ ঘণ্টা পরও আসামিকে গ্রেফতার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ।
সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এসময়, সেখানে তারা প্রায় ২০ মিনিট ধরে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এসময়, আন্দোলনকারীরা, “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ক্যাম্পাসে নিপীড়ন কেন, প্রশাসন জবাব চাই; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দেন।
জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, আমরা জানতাম আমাদের ক্যাম্পাস বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ক্যাম্পাস। কিন্তু এখন আমাদের সেই ভুল ভেঙে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আজ লজ্জিত হয়েছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করবে এবং কোনো ধর্ষক কাউকে বিরক্ত করতে পারবে না। আমরা দেখেছি শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলনকে একটি বিশেষ গোষ্ঠী ক্যাম্পাসকে অশান্ত করতে চাচ্ছে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমরা বলতে চাই, কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধেও আমরা রুখে দাড়াবো।
এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় কতিপয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে অশালীন ভাষায় কটুক্তি করেছে বলে অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পরিবেশ বিজ্ঞান বিভাগ ও আ.ফ.ম কামাল উদ্দিন হলের শিক্ষার্থীরা।
এছাড়া, পৃথক একটি ঘটনায় বহিরাগত যুবক কর্তৃক শারীরিক হেনস্তার অভিযোগ তুলে এদিন দুপুরে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একজন ছাত্রী। সন্ধ্যা ৭ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলছিল।
বিডি প্রতিদিন/এনআরএইচ