সিলেটের একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সমাগ্রী পাওয়া গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হাসপাতালকে জরিমানা করেছে।
বুধবার বিকাল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নগরীর লামাবাজারস্থ আয়েশা মেডিকেয়ারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আয়েশা মেডিকেয়ারে অভিযানকালে নানা অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। অনিয়মের মধ্যে ছিল ওটিতে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী রাখা, শিক্ষার্থী দিয়ে নার্সের কার্যক্রম পরিচালনা, হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা। এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব।
বিডি প্রতিদিন/এএম