সিলেটে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসার দানবাক্স লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
মাদ্রাসার দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দুইজন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে।
তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।
এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টর সহ আমাদের একটি দল কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজিম