চট্টগ্রামে কমছেই না পিঁয়াজের ঝাঁজ। গত প্রায় তিন মাস ধরেই খুচরা বাজারে ১১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পিঁয়াজ। ফলে পিঁয়াজ কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। অন্যদিকে, বাজারে শীতকালীন সবজির সরবরাহ প্রচুর থাকলেও দাম এখনও চড়া। শুক্রবার নগরের বহদ্দারহাট, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজারে দর যাচাই করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, গত সপ্তাহে পিঁয়াজ খুচরা বাজারে প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু দুইদিনে কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। পক্ষান্তরে, বর্তমানে বাজারে টমেটো ৮০ থেকে ১২০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল, দেশি পটল, দেশি গাজর, দেশি শসা, ছোট করলা প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুর লতি, কচুরমুখী, লাউ, চালকুমড়া ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি-বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের মতোই আছে। আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
চকবাজারের পিঁয়াজ বিক্রেতা জসিম উদ্দিন বলেন, বাজারে এখনও পিঁয়াজের দাম বেশি। বাজারে এখন দেশি পিঁয়াজই বেশি বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম