বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূলনীতি।
গতকাল বৃহস্পতিবার নগরীর মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় পাঁচজন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
ইসরাফিল খসরু বলেন, ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক দরিদ্র পরিবার মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হয়। কেবল আর্থিক সহায়তা নয়, এ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে হবে। সমাজের প্রতিটি বিত্তবান মানুষের ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো উচিত।
ফুটবল অ্যাকাডেমির সভাপতি বিপ্লব দে পার্থের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক নুর জাহেদ বাবলু।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মো. সালাহউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অ্যাকাডেমির অর্থ সম্পাদক সাইমন আহমেদ সাহেদ, পরিচালক আজম খাঁন, আলাউদ্দিন ভুঁইয়া, মোশাররফ হোসেন, ইয়াসির আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্নাসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই