নির্বাচনের আগে হাতে থাকা সীমিত সময়ের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
গতকাল শুক্রবার সকালে চমেক হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করব। বিদায়ের এই স্বল্প সময়ে চমেকের উন্নয়নে সকল উদ্যোগ গ্রহণ করব।’
এর আগে তিনি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন, হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা এবং হৃদরোগ বিভাগের ক্যাথল্যাব মেশিন উদ্বোধন করেন।
সভায় সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, প্রফেসর ডা. হাসানুজ্জামান এবং শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (রহ.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টা রোগীদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথোপকথন করেন। তিনি চট্টগ্রাম ও সিলেটের ছেলেমেয়েদেরকে নার্সিং পেশায় আসার আহবান জানিয়ে বলেন, ‘এই পেশায় কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে আগ্রহ কম। তাই স্থানীয়দের অংশগ্রহণ জরুরি।’
উপদেষ্টা আরও বলেন, ‘চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি। আশা করি, মানুষ ও সামাজিক সংগঠনগুলো চিকিৎসা খাতে অবদান রাখবে, যেমন মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশন করছে।’
বিডি-প্রতিদিন/আশফাক