চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক দল। অতীতে যারা ক্ষমতায় এসে ভুল পথে রাজনীতি করেছে, তারা কখনোই জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি। তাই ভোট কোনোভাবেই অপচয় করা উচিত নয়। ভোট দেওয়ার আগে জনগণকে সচেতনভাবে চিন্তা করতে হবে, কাকে ভোট দিলে দেশ পরিচালনায় সক্ষম একটি সরকার গঠিত হবে এবং যে নেতৃত্ব জনগণের পাশে থেকে উন্নয়নের অংশীদার হতে পারবে।
শনিবার (১৩ ডিসেম্বর) নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোড়স্থ মিয়ার বাপের মসজিদের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চকবাজার থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহাফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে এবং সি. যুগ্ম আহ্বায়ক মো. সোহেল ও সাদ্দামুল হকের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
মেয়র বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরে চার লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০ থেকে ৫০ শতাংশ কম দামে পাচ্ছে। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পুনর্বাসন ভাতার সুবিধাও প্রদান করা হচ্ছে।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন, আনেয়ার হোসেন লিপু, বিএনপি নেতা হাজী ওমর ফারুক, আলহাজ্ব নাছির মিয়া, আলহাজ্ব জাকির হোসেন, অধ্যক্ষ খোরশেদ আলম, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নবাব খাঁন, রমজু মিয়া, মহানগর যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, রেজিয়া বেগম মুন্নি, কামরুনেচ্ছা, আবদুর রহিম, মো. আনাস, শিহাব খালেদ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ