ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি তোকর্মীরা। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এই দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি বলেন, এই হামলার পেছনে আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে ভয়ভীতি ও হামলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। সকল প্রার্থীর স্বাধীনভাবে প্রচার-প্রচারণার অধিকার থাকলেও হামলা ও বাধা গণতান্ত্রিক চর্চার পথে বড় প্রতিবন্ধক বলেও জানান তিনি।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, বিশেষ অতিথি ছিলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম কমিশনার, শাহাদাৎ হোসেন সুমন, বিএনপি নেতা জসিম উদ্দিন মাস্টার, হারুনুর রশিদ চৌধুরী, নাছির উদ্দীন, আবু জাফর চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক করতে কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল