চট্টগ্রামে ইনস্টিটিউশনাল সিম্পোজিয়ার ফর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইএসএমইআর) শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সেমিনারে দেশি বিদেশী গবেষকদের ৭০টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কলেজের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান সম্মেলনের চেয়ারম্যান ও সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান।
এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, সিআইডিসির অধ্যক্ষ ডা. আকরাম পারভেজ চৌধুরী, ইসি কমিটির সদস্য অধ্যাপক মো. নুরুন্নবী, অর্গানাইজিং সেক্রেটারি ডা. পারভেজ ইকবাল শরীফ, সাইন্টিফিক কমিটির আহ্বায়ক ডা. মো. কামরুল ইসলাম ও নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাস।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, প্রায় ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে জ্ঞানের এক বিশাল সমুদ্রে ভেলা ভাসাচ্ছি। এখানে উপস্থিত হয়ে অংশগ্রহণকারীরা শুধু জ্ঞানই অর্জন করবে না, বরং ভবিষ্যতের গবেষণা ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।
আয়োজকরা জানান, ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা: উদ্ভাবনকে অনুপ্রাণিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে ধারণ করে চতুর্থবারের মতো সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বেসিক সায়েন্স, ডেন্টিস্ট্রি এবং নার্সিং এর বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে।
এবারের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইফসুফ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন।
বিডি প্রতিদিন/কামাল