চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় অবৈধভাবে নকল সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে র্যাব। রবিবার (১৪ ডিসেম্বর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ নকল সাবান এবং সাবান তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন নামী কোম্পানির লোগো ব্যবহার করে নকল সাবান উৎপাদন করা হচ্ছিল। অভিযানের সময় কারখানায় দু’জনকে পাওয়া যায়, যারা জানান—রাতের বেলায় শ্রমিকরা এসে সাবান তৈরির কাজ সম্পন্ন করতেন।
তিনি আরও বলেন, সাবান তৈরিতে ব্যবহৃত কিছু রাসায়নিক মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন