চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ খান (১৮) হত্যার ঘটনায় মো. জাহিদুল ইসলাম (২০) নামে একই সংগঠনের আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার জোরারগঞ্জ থানার তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, জাহিদুল তাহমিদ হত্যার অন্যতম আসামি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার একটি ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে জাহিদুলকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বারইয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলকর্মী তাহমিদ খান। এ ঘটনায় নিহতের মা জোহরা বেগম বাদী হয়ে ১২ ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল