চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে আওয়ামী লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগের এক কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে দেয়াল লিখনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সদস্য ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আকরাম হোসেন (২৪) এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দিন (৫৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লিখছিলেন তারা। এ সময় বিএনপির যুবদলের নেতাকর্মীরা বিষয়টি লক্ষ্য করে তাদের আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম জানান, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই রাজনৈতিক কর্মী বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাইনুল