চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স ত্রিশের মতো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাতে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, সকালে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানোর পর তারা লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেন থেকে পড়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক রাশেদ রানা জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম