চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) ও চট্টগ্রামের ভূজপুর থানার বাসিন্দা মোহাম্মদ হাসান (২৭)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক টেম্পুকে থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং গন্তব্য জানতে তদন্ত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি