চট্টগ্রামের রাউজান উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু তাহেরকে দীর্ঘ ২৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সামহারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল উত্তর কচুখাইন এলাকায় আবু তাহের ও তার সহযোগীরা এমদাদুল হক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে প্রধান আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে তাহেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ এই সময়ে পলাতক ছিলেন তাহের।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সামমহারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাহেরকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল