চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোলাই মদভর্তি একটি ট্রাক আটক করে পরে মদগুলোকে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে একদল জনতা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর দিকে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। সাতকানিয়া কেরানিহাট এসে পৌঁছালে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়।
রবিবার রাতে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কিছু ব্যাক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের ওপর রেখে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছে। গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় চার হাজার লিটার মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। আগুনে ট্রাকে থাকা মদগুলো জ্বালিয়ে দেওয়ায় কি পরিমাণ মদ সেখানে ছিল সেটাও জানা যায়নি। ট্রাক মালিককে খুঁজে বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম