চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল আহাম্মদ নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কালাম ও তার ভাতিজা হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার সকালে জমির বিরোধ নিয়ে চাচার ভাতিজার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচাকে ইট দিয়ে আঘাত করেন হেলাল। এতে তিনি গুরতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্তকে আটকে কাজ করছে। এইঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল