চট্টগ্রামে র্যাব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর যৌথ অভিযানে পাঁচটি মামলায় মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার নগরের কদমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব–৭ ও বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে কদমতলী হোসেনুজ্জামান চেয়ারম্যান মার্কেটের ওয়ান প্লাস ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডকে জরিমানা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সুইচ, সকেট, ফ্যান রেগুলেটর, সিলিং রোজ ও এলইডি বালব তৈরি করছিল বলে অভিযোগ উঠে। এ কারণে বিএসটিআই আইন–২০১৮ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন–২০১৮ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রিময় মজকুরী জয়সহ সংশ্লিষ্টরা।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থ রক্ষায় এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে র্যাবের সঙ্গে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সুজন