বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে জমায়েতের মধ্য দিয়ে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি পাড়ে গিয়ে শেষ হয়।
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
ডা. শাহদাত হোসেন বলেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত অব্যাহত রয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল