চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজ থাকার ৯ দিন পর ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশে ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, আবু ছৈয়দ ৯ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, নদীর পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল